সাম্প্রতিক দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বক্তব্যে ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ, দেশত্যাগ এবং সংসদ ভেঙে দেওয়া প্রসঙ্গে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক বিতর্ক নিয়ে রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে গণমাধ্যমে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে, তা বিভ্রান্তি তৈরি করছে। রাষ্ট্রপতি স্পষ্ট করে বলেছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে, সেগুলোর সমাধান আগেই মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে প্রতিফলিত হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি চলতি বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের মতামত চেয়ে আবেদন করেন। যার ভিত্তিতে আপিল বিভাগ তার মতামত প্রদান করে। এই আদেশে সংশ্লিষ্ট সব প্রশ্নের উত্তর ইতোমধ্যে দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি তার বিবৃতিতে আরও বলেন, ‘এ বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারের স্থিতিশীলতা নষ্ট করা এবং সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার ব্যাপারে সবাইকে সতর্ক থাকা উচিত।’
এছাড়াও রাষ্ট্রপতি বিশেষভাবে বলেন, মীমাংসিত বিষয়ে বিতর্ক ছড়ানোর চেষ্টা দেশকে অস্থিতিশীল করতে পারে। তিনি সবাইকে সংবিধান অনুসারে চলার এবং আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেন।







