অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব। এ বিষয়ে ভারতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। সম্প্রতি বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
নাহিদ উল্লেখ করেন, জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণহত্যা নিয়ে ভারত এখনো তার অবস্থান পরিষ্কার করেনি। এমনকি এর সঙ্গে সংশ্লিষ্টদের ভারত আশ্রয় দিয়েছে। এছাড়া মিথ্যা প্রচার বন্ধ করতে ভারতকে আহ্বান জানিয়ে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নে গঠনমূলক আলোচনা প্রয়োজন।
সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানান, সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকারের নেওয়া পদক্ষেপের ফলে কোনো বড় সহিংসতা ঘটেনি, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বর্তমানে সংখ্যালঘুরা আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় সন্তুষ্ট। তবে এ বিষয়ে আমাদের আরও সচেষ্ট থাকতে হবে।
নাহিদ ইসলাম দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশে উগ্রবাদ বাড়বে, এটি একটি ভুল ধারণা। তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক সরকার চায়। আওয়ামী লীগ এবং ভারত বরং এ ধরনের প্রোপাগান্ডা ছড়িয়েছে।
এসময় তিনি বাংলাদেশ-ভারত যৌথ উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে তিনি আশ্বস্ত করে বলেন, এই প্রকল্পগুলো শুধু কোনো দলের জন্য নয়, বরং সাধারণ জনগণের উপকারে আসবে।







