বাংলাদেশের তাবলিগ-জামাতের মূলকেন্দ্র কাকরাইল মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নিয়েছেন দিল্লির নিজামুদ্দীনের আলোচিত মাওলানা সাদের অনুসারীরা। শুক্রবার সকাল ৮টার পর সাদপন্থীদের বিশাল এক দল কাকরাইল মসজিদে প্রবেশ করেন।
এর আগে কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সাদপন্থীরা। তারই জেরে সকাল থেকে কাকরাইল মসজিদ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।
এদিকে শুক্রবার সকালে মসজিদে অবস্থান নেয়ার উদ্দেশে হাজার হাজার সাদপন্থীরা নগরীতে প্রবেশ করেন। মূলত রাজধানী ও এর আশপাশ থেকে কাকরাইলের মসজিদের দিকে যাত্রা শুরু করেন তারা।
অপরদিকে সকাল সাড়ে ৮টার দিকে আগারগাঁও থেকে ফার্মগেট ও কাওরান বাজার হয়ে হাজার হাজার সাদপন্থীকে সারিবদ্ধ হয়ে হেঁটে কাকরাইল মসজিদের দিকে যেতে দেখা যায়।
উল্লেখ্য, আজ শুক্রবার সকালে কাকরাইল মসজিদ ছাড়ার কথা থাকলেও গতকাল রাতেই মসজিদ ছেড়ে গেছেন তাবলিগের শূরায়ে নিজামপন্থিদের অধিকাংশ সাথীরা। সকালে তাদের অল্প কিছু সাথী প্রশাসনকে মসজিদ বুঝিয়ে দেন। কিন্তু দল জড়ো করে বেশ আলোচনার জন্ম দিয়ে রমনা থানার ডিসি মাসুদ আলমের কাছ থেকে মসজিদের সবকিছু ঠিকঠাক বুঝে নিয়ে মসজিদে প্রবেশ করেছেন আলোচিত মাওলানা সাদের অনুসারীরা।
উল্লেখ্য, তাবলীগের বিরোধকে কেন্দ্র করে ২০১৮ সালের ১লা ডিসেম্বর টঙ্গির তুরাগ পাড় সংলগ্ন ইজতিমার মাঠে হাজার হাজার মুসুল্লি ও মাদ্রাসা ছাত্রদের উপর নৃশংস হামলা চালায় সাদপন্থীরা। পরে এই ঘটনায় বেশ কয়েকটি মামলা হলেও স্বৈরাচার হাসিনার আমলে এই ঘটনার কোন বিচার হয়নি।







