সৌদিতে বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা

সৌদিতে বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা
সৌদিতে বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা। ছবি: সংগৃহীত

সম্প্রতি, সৌদি আরব সরকার বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মীয় প্রতীক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর পাশাপাশি জাতীয়, ধর্মীয় ও পবিত্র প্রতীক এবং যেকোনো দেশের লোগো বা প্রতীক বাণিজ্যিক কাজে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।

সৌদির বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ আল কাসাবি জানিয়েছেন, পবিত্রতার সুরক্ষা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এসব প্রতীক কোনো প্রচারণামূলক কাজ বা পণ্যে ব্যবহার করা যাবে না। নতুন এই নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে, আইন কার্যকর হওয়ার আগে ৯০ দিনের সময় দেওয়া হয়েছে, যাতে প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রমে সংশোধনী আনতে পারে।

এর আগে সৌদি পতাকা বাণিজ্যিক কাজে ব্যবহার নিষিদ্ধ ছিল। কারণ, এতে কালেমা, পাম গাছ ও দুটি তরবারির চিহ্ন খচিত রয়েছে। নতুন নিয়মে সৌদির নেতাদের ছবি ও নামও কোনো প্রচারণামূলক কাজে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, সৌদির রাজধানী রিয়াদে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে কাবার মতো দেখতে একটি জিনিস প্রদর্শন করা হয়। আবার ওই একই মঞ্চে শিল্পিরা নাচ গান করছিলেন। এরকম একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। এরপরই সৌদির পক্ষ থেকে এমন নির্দেশনা আসে। তবে এই ঘটনার উপরই ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা সেটি স্পষ্ট নয়।

আমাদের ফলো করুন