অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের প্রতি কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না। তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, এবং রাষ্ট্রের প্রতি আঘাত বা অবমাননার মতো গুরুতর ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
আজ মঙ্গলবার রংপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ আরও উল্লেখ করেন, একটি গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে। তবে সরকার এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, কেউ যদি রাষ্ট্রদ্রোহে লিপ্ত হয়, তার সামাজিক বা রাজনৈতিক অবস্থান যা-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। এখানে সম্প্রদায় নয়, বরং রাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে।







