মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন
মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন। ছবি : সংগৃহীত

রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মিয়ানমারের সামরিক শাসক মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আদালতের প্রধান কৌঁসুলি করিম খান।

বুধবার (২৭ নভেম্বর) আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো সহিংসতার পরিপ্রেক্ষিতে এ আবেদন করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গাদের নির্বাসন, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং দায়ী। এসব অপরাধ মিয়ানমার ছাড়াও বাংলাদেশে সংঘটিত হয়েছে।

কৌঁসুলি করিম খান জানান, এটি মিয়ানমারের উচ্চপদস্থ কোনো কর্মকর্তার বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানার আবেদন। শিগগিরই আরও আবেদন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এখন তিন সদস্যের বিচারক প্যানেল এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তারা পরোয়ানা জারির উপযুক্ত কারণ রয়েছে কিনা, তা নির্ধারণ করবেন।

উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি।

আমাদের ফলো করুন