সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আল বাশির। আজ মঙ্গলবার এক ঘোষণায় তাকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে।
মোহাম্মদ আল বাশির দীর্ঘদিন ধরে আসাদবিরোধী বিদ্রোহী আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতাদের একজন। বিদ্রোহী জোটের প্রধান আবু মোহাম্মদ আল জোলানির তত্ত্বাবধানে এ অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। জোলানি নতুন প্রশাসন স্থিতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।
বিদ্রোহী জোটের একটি সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের কাঠামো ও কার্যক্রম নিয়ে সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি এবং ভাইস প্রেসিডেন্ট ফয়সাল মেকদাদের সঙ্গে আলোচনা হয়েছে। এসব আলোচনা বিদ্রোহী ও সাবেক সরকারের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ প্রশাসনিক কাঠামো গড়ার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।
এদিকে সিরিয়ার রাজনৈতিক সংকটের মধ্যে দেশটির ওপর ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলার ঘটনায় উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। গত দুই দিনে ইসরায়েল সিরিয়ায় ৩১০টিরও বেশি বিমান হামলা চালিয়ে সামরিক অবকাঠামো ধ্বংস করেছে।
ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে সৌদি আরব, ইরান, ইরাক এবং কাতার তীব্র নিন্দা জানিয়েছে। দেশগুলো অভিযোগ করেছে, ইসরায়েল আন্তর্জাতিক আইন উপেক্ষা করে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করছে।
সিরিয়ার নতুন নেতৃত্ব রাজনৈতিক সংকটের পাশাপাশি এসব আক্রমণের চাপও মোকাবেলা করতে হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে মোহাম্মদ আল বাশিরের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকারের কার্যক্রম দেশটির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।







