তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ফ্যাসিস্ট হাসিনার পরিবারের সদস্যদের নিয়ে ১০টি চলচ্চিত্র নির্মাণে ৫৭৪ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছিল। এ প্রকল্পে ৩৭৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল চলচ্চিত্র নির্মাণের জন্য। বাকি ১৯৬ কোটি টাকা রাখা হয়েছিল তদারকি ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগের খাতে।
তদন্তে জানা গেছে, চলচ্চিত্র নির্মাণের দায়িত্ব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের হলেও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় কেন এ প্রকল্প গ্রহণ করেছিল, তা নিয়ে প্রশ্ন ওঠেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তৎকালীন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিশেষ আগ্রহে প্রকল্পটি নেওয়া হয়, যা সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে লুটপাটের উদ্দেশ্যে তৈরি হয়েছিল।
অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখতে একটি সাত সদস্যের কমিটি গঠন করেছে। কমিটির প্রধান মাহবুবুর রহমান জানান, আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের ২৫টি ভবিষ্যৎ প্রকল্প পরীক্ষা করে দেখা হচ্ছে। এরই মধ্যে ৮টি প্রকল্প বাতিল করা হয়েছে এবং আরও কিছু প্রকল্পে কাটছাঁটের সুপারিশ করা হয়েছে।
বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এস এ হক অলিক বলেন, বাংলাদেশে একটি চলচ্চিত্র তৈরিতে সাধারণত কয়েক কোটি টাকা ব্যয় হয়। তবে শেখ পরিবারের জন্য গড়ে ৫ কোটি টাকা খরচ ধরলেও ১০টি চলচ্চিত্রের জন্য ব্যয় ৫০ থেকে ১০০ কোটি টাকার বেশি হওয়ার কথা নয়। তাহলে বাকি ৪৭৪ কোটি টাকা কোথায় খরচ করা হতো, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তদন্ত কমিটি জানিয়েছে, এ প্রকল্পের পেছনে বিশাল অঙ্কের অর্থ অপচয় ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে।