ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সম্প্রতি ঢাকা সফর নিয়ে নয়াদিল্লিতে সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেছেন। গতকাল বুধবার ১১ই ডিসেম্বর সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে প্রায় আড়াই ঘণ্টার এই ব্রিফিংয়ে তিনি সফরের বিস্তারিত তুলে ধরেন।
সফর থেকে ফেরার দু’দিন পর অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে মিশ্রি জানান, তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি সংসদ সদস্যদের জানান, ড. ইউনূস নেতৃত্বাধীন প্রশাসন ভারতের সঙ্গে স্বাক্ষরিত কোন চুক্তি পর্যালোচনার ইঙ্গিত দেয়নি।
ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস-এর প্রতিবেদন অনুযায়ী, ব্রিফিংয়ে মিশ্রি উল্লেখ করেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকার অন্তর্বর্তী সরকার।
কংগ্রেস নেতা ও সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির প্রধান শশী থারুর এই ব্রিফিংকে ‘চমৎকার’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘পররাষ্ট্রসচিব আমাদের পূর্ণাঙ্গ ও স্পষ্ট ব্রিফ দিয়েছেন। তবে এর বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়।’
উল্লেখ্য, গত আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে এটিই ছিল নয়াদিল্লির প্রথম শীর্ষ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ। সফরে মিশ্রি ঢাকায় ড. ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।