বাংলাদেশ সীমান্তঘেঁষা মিয়ানমারের মংডু শহরের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দখলে নিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। তারা জানিয়েছে, অভিযানে মিয়ানমারের সামরিক বাহিনীর শতাধিক সেনাকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছেন কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুন।
আরাকান আর্মির পক্ষ থেকে জানানো হয়, ৫৫ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে গত রোববার বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন-৫ এর সদর দপ্তর দখল করা হয়। এতে অন্তত ৪৫০ জান্তা সেনা নিহত হয়। এছাড়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে তারা।
মংডু শহর দখলের ফলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের প্রায় পুরো এলাকাই সন্ত্রাসী আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। ইরাবতীর প্রতিবেদনে বলা হয়, আটক জেনারেল থুরেইন তুন ২০২১ সালের অভ্যুত্থান পরবর্তী দমন-পীড়নে জড়িত থাকার অভিযোগে কুখ্যাত।
আরাকান আর্মি আরও জানিয়েছে, তারা আটক সেনাদের ছবি এবং দখল করা অস্ত্রাগারের ছবি প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, এ ঘটনার ফলে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত আরও তীব্র আকার ধারণ করতে পারে।







