ফ্রান্সের প্রধানমন্ত্রী হলেন ফ্রাঁসোয়া বায়রু

ফ্রান্সের প্রধানমন্ত্রী হলেন ফ্রাঁসোয়া বায়রু
ফ্রান্সের প্রধানমন্ত্রী হলেন ফ্রাঁসোয়া বায়রু। ছবি : সংগৃহীত

রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফ্রাঁসোয়া বায়রুর নাম ঘোষণা করেছেন। আজ শুক্রবার ১৩ ডিসেম্বর এই ঘোষণা দেন তিনি।

গত ৪ ডিসেম্বর ফ্রান্সের পার্লামেন্টে ঐতিহাসিক অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার। এরপর থেকেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে আলোচনা চলছিল। তবে, মাক্রোঁর ঘোষণার জন্য নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও নাম জানানো হয়নি। অবশেষে আজ এই সংকটের অবসান হলো।

কে এই ফ্রাঁসোয়া বায়রু?
৭৩ বছর বয়সী ফ্রাঁসোয়া বায়রু একজন অভিজ্ঞ মধ্যপন্থী রাজনীতিক। তিনি ডেমোক্র্যাটিক মুভমেন্ট (মোডেম) দলের প্রতিষ্ঠাতা এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একজন মেয়র। বায়রু ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত রক্ষণশীল সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন এবং এর মাধ্যমে ফরাসি জনগণের কাছে পরিচিত হন।

তিনি তিনবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করলেও জয়ী হতে পারেননি। ২০১৭ সালে মাক্রোঁকে সমর্থন দিয়ে তার ঘনিষ্ঠ মিত্রে পরিণত হন বায়রু। মাক্রোঁ প্রেসিডেন্ট হওয়ার পর তিনি বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ পান। তবে ইউরোপীয় পার্লামেন্ট তহবিল তছরুপের অভিযোগে তদন্ত শুরু হলে তিনি পদত্যাগ করেন। চলতি বছর আদালত তাকে নির্দোষ ঘোষণা করে।

প্রেসিডেন্ট মাক্রোঁর দ্বিতীয় মেয়াদে বায়রু হচ্ছেন চতুর্থ প্রধানমন্ত্রী। তাকে এখন দ্রুত একটি নতুন সরকার গঠন করতে হবে। তবে ফ্রান্সের বর্তমান ঝুলন্ত সংসদে কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এটি একটি কঠিন কাজ হবে।

সরকার গঠনে বায়রুকে বাম, ডান ও মধ্যপন্থী নেতাদের সমর্থন নিতে হবে। এমনকি রক্ষণশীল দলের কিছু সদস্যকেও সরকারের অংশ করতে হতে পারে। প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, মন্ত্রী পরিষদ গঠনের জন্য তিনি বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন।

চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বায়রুর দীর্ঘ অভিজ্ঞতা এবং মধ্যপন্থী অবস্থান স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আমাদের ফলো করুন