সম্প্রতি প্রথম আলোতে প্রকাশিত একটি নিবন্ধের শিরোনাম নিয়ে তরুণ আলেমদের সংগঠম ‘সাধারণ আলেম সমাজ প্রতিবাদ’ জানিয়েছেন। গতকাল ১৩ই ডিসেম্বর শুক্রবার প্রকাশিত নিবন্ধটি ‘ইউসুফ (আ.) ও জুলেখার প্রেমকাহিনি’ শিরোনামে প্রকাশিত হয়, যা নিয়ে গভীর আপত্তি জানিয়েছেন তারা।
একটি প্রতিবাদপত্রে সাধারণ আলেম সমাজ জানিয়েছেন, ‘কুরআনের সুরা ইউসুফে নবি ইউসুফ আলাইহিস সালামের জীবনের ঘটনাবলী অত্যন্ত পবিত্রভাবে তুলে ধরা হয়েছে। তারা উল্লেখ করেন, এটি কোনো প্রেমকাহিনি নয়, বরং নৈতিক শিক্ষার প্রতীক। নবি ইউসুফ আলাইহিস সালামের চারিত্রিক দৃঢ়তা ও আল্লাহভীতি সকল মানুষের জন্য আদর্শ।
প্রতিবাদপত্রে বলা হয়, প্রেমকাহিনি শব্দটি সাধারণত রোমান্টিক বা জাগতিক ভালোবাসার সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়, যা নবীগণের পবিত্র জীবনের সাথে অসঙ্গতিপূর্ণ। ইউসুফ আলাইহিস সালাম ও জুলেখার ঘটনাকে ‘প্রেমকাহিনি বলা’ কুরআন কারিমের বর্ণনাকে বিকৃত করে এবং নবীজির মর্যাদার প্রতি অসম্মান প্রদর্শন করে।
এছাড়াও জুলেখার চরিত্র সম্পর্কে তারা উল্লেখ করেন, কুরআন কারিমে তাকে ‘আজিজের স্ত্রী’ হিসেবে বর্ণনা করা হয়েছে। তার অন্যায় আচরণ এবং পরে তাওবা ও সংশোধনের বিষয়টি কুরআনে এসেছে। একে রোমান্টিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা বিভ্রান্তিকর বলে তারা মন্তব্য করেছেন।
আলেম সমাজ আরও বলেন, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কুরআন কারিমে নৈতিকতা, ধৈর্য, আল্লাহভীতি এবং চারিত্রিক দৃঢ়তার উদাহরণ হিসেবে এসেছে। শিরোনামটি এই পবিত্র ঘটনার মূল বার্তা বিকৃত করেছে এবং পাঠকদের বিভ্রান্ত করতে পারে।
সাধারণ আলেম সমাজ প্রথম আলো কর্তৃপক্ষকে এই শিরোনাম সংশোধনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারা পাঠকদের কুরআনের এই পবিত্র ঘটনার প্রকৃত শিক্ষা গ্রহণের আহ্বান জানান।







