সিরিয়া এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে নতুন শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টায় রয়েছে দেশটি। তবে নতুন এই পথচলায় রয়েছে অসংখ্য চ্যালেঞ্জ। দেশ পুনর্গঠনের পাশাপাশি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক জটিলতাগুলোর মোকাএবলা করতে হবে নতুন সরকারকে।
রাষ্ট্র প্রতিষ্ঠা ও শাসনব্যবস্থার সংকট
বিপ্লবের পর থেকে সিরিয়া কার্যত কোনো সংবিধান বা নির্দিষ্ট রাজনৈতিক কাঠামো ছাড়াই চলছে। এটি নতুন সরকারের জন্য অন্যতম চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা মনে করছেন, সফল রাষ্ট্র গঠনের জন্য নতুন প্রশাসনকে দ্রুত অভ্যন্তরীণ মতভেদ দূর করে একটি কার্যকর ও স্থায়ী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার
নতুন প্রশাসনের প্রধান আহমদ আশ শারহ বলেছেন, তারা ন্যায়বিচার প্রতিষ্ঠায় কোনো আপস করবে না। গৃহযুদ্ধের সময় নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িত সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের বিচার করা হবে। তবে এটি একটি জটিল প্রক্রিয়া, যেখানে রাজনৈতিক ও সামাজিক ভারসাম্য রক্ষা করাও বড় চ্যালেঞ্জ।
অর্থনৈতিক সংকট
সিরিয়ার অর্থনীতিকে নতুন করে গড়ে তোলা হবে নতুন প্রশাসনের জন্য আরেকটি বড় পরীক্ষা। অস্থায়ী সরকারের প্রধান মোহাম্মদ আল বাশির জানিয়েছেন, আসাদের শাসন থেকে তারা দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর একটি প্রশাসন পেয়েছেন। দেশটির বৈদেশিক মুদ্রার ভাণ্ডার প্রায় শূন্য এবং সিরীয় পাউন্ডের মূল্যও তলানিতে। এই সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক সহযোগিতা এবং অর্থনৈতিক সংস্কার জরুরি।
নিরাপত্তার প্রশ্ন
দেশটির ভঙ্গুর পরিস্থিতি সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য সুযোগ সৃষ্টি করেছে। পাশাপাশি মাদক চোরাচালানও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আসাদ সরকারের কেপ্টাগন ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর সঙ্গে অর্থনৈতিক দুরাবস্থা থেকে সৃষ্ট অপরাধের ঝুঁকিও রয়েছে। এই সবকিছু সামলাতে প্রশাসনের একটি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে।
আন্তর্জাতিক স্বীকৃতি ও সহযোগিতা
আসাদ সরকারের পতনের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়াগুলো ইতিবাচক হলেও স্বীকৃতি পাওয়ার লড়াইয়ে এখনও অনেক পথ বাকি। বিশেষ করে ‘হাইয়াত তাহরির আশ শাম’কে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার সম্ভাবনা নতুন সরকারের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। এটি আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে এবং সিরিয়াকে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থায় স্থান পেতে সাহায্য করবে।
ইসরায়েলের সঙ্গে উত্তেজনা
নতুন পরিস্থিতির সুযোগ নিয়ে ইসরায়েল গোলান মালভূমিতে সামরিক কার্যক্রম বাড়িয়েছে। সীমান্ত রেখা অতিক্রম করে তারা কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে দখল প্রতিষ্ঠা করেছে। নতুন প্রশাসনের জন্য এটি একটি জটিল সামরিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ, যা দীর্ঘমেয়াদী কৌশলের দাবি রাখে।
চ্যালেঞ্জের মুখে সম্ভাবনার দিশা
সিরিয়ার নতুন প্রশাসনের সামনে চ্যালেঞ্জ অগণিত। তবে সঠিক কৌশল ও আন্তরিক প্রচেষ্টা থাকলে দেশটি নতুন এক অধ্যায় শুরু করতে পারে। শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, অর্থনৈতিক সংকট মোকাবেলা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক সহযোগিতা অর্জনের মধ্য দিয়েই সিরিয়া তার নতুন ভবিষ্যৎ নির্মাণে সফল হতে পারে।
এই চ্যালেঞ্জগুলো কতটা দক্ষতার সঙ্গে মোকাবেলা করা যায়, সেটিই ঠিক করবে সিরিয়ার নতুন পথচলার দিক।
সূত্র: আল জাজিরা