দখলদার ইসরায়েল তাদের সামরিক তৎপরতা জোরদার করে সিরিয়ার দক্ষিণাঞ্চলে নতুন করে তিনটি গ্রাম দখল করেছে। দারা প্রদেশের জমলা গ্রাম এবং দামেশকের মাজরাত বেইত জেন ও মাগার আল মীর গ্রাম এখন দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে।
আনাদোলু সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, গত ৮ই ডিসেম্বর সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো রাজধানী দামেশকসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নেয়। এই ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশত্যাগে বাধ্য হন। ফলে ৬১ বছরের বাথ পার্টির শাসন এবং ৫৩ বছরের আসাদ পরিবারের ক্ষমতার অবসান ঘটে।
সিরিয়ার এ রাজনৈতিক পরিবর্তনের সুযোগে দখলদার ইসরায়েল সামরিক কার্যক্রম আরও তীব্র করেছে। গত কয়েকদিনে দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় মুহূর্মুহু বিমান হামলা চালিয়ে ইসরায়েল সিরিয়ার সার্বভৌমত্ব স্পষ্টভাবে লঙ্ঘন করেছে।
এর পাশাপাশি দখলদার ইসরায়েল ১৯৭৪ সালে স্বাক্ষরিত সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে গোলান মালভূমির বেসামরিক এলাকায় নিজেদের সেনাবাহিনী মোতায়েন করেছে। উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকেই ইসরায়েল গোলান মালভূমির অধিকাংশ এলাকা দখল করে রেখেছে।
জাতিসংঘ ও আরব দেশগুলো ইসরায়েলের এসব পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তবে আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করে ইসরায়েল একের পর এক হামলা ও দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি







