ইসরায়েলের বিমান বাহিনী সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের অন্তর্ভুক্ত ২০টি স্থাপনা ধ্বংস করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও এ তথ্য জানিয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত সিরিয়ার বিভিন্ন অঞ্চলে এসব হামলা চালানো হয়। ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে ছিল যোগাযোগ অ্যান্টেনা ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম। ইসরায়েলের দাবি, এসব প্রযুক্তি শত্রুপক্ষের হাতে পড়ার আশঙ্কায় ধ্বংস করা হয়েছে।
ইসরায়েলের ‘মাআরিভ’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়, আসাদ সরকার ও তার সেনাবাহিনী ভেঙে পড়ায় ইসরায়েল সিরিয়ার কৌশলগত সামরিক সরঞ্জাম ধ্বংসে সক্রিয় হয়েছে। এতে ভবিষ্যতে ইরানের আকাশসীমায় অভিযান পরিচালনায় ইসরায়েলের সুবিধা হবে।
সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর রাজধানী দামেশকসহ বেশিরভাগ এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে। এই পরিস্থিতিতে ইসরায়েল সিরিয়ার সামরিক স্থাপনায় হামলা বাড়িয়েছে। এর মধ্যে গোলান মালভূমির নিরস্ত্র অঞ্চলে সেনা মোতায়েন করে সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল।
সুত্র: আনাদোলু এজেন্সি







