বাংলাদেশ ও ভারত জলসীমা লঙ্ঘন করে আটক হওয়া জেলেদের দ্রুত ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে ভারতের কারাগারে ৯২ জন বাংলাদেশি জেলে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে ৯৫ জন ভারতীয় জেলে আটক রয়েছে।
গত ৯ই ডিসেম্বর খুলনার হিরণ পয়েন্ট এলাকা থেকে বাংলাদেশের দুটি মাছ ধরার জাহাজসহ ৮০ নাবিককে আটক করে ভারতীয় কোস্টগার্ড। তাদের অভিযোগ, এই জাহাজ দুটি ভারতের জলসীমায় ঢুকে মাছ ধরছিল। এছাড়া গত কয়েক মাসে আরও কয়েকজন বাংলাদেশি জেলেকে ভারতীয় কর্তৃপক্ষ আটক করেছে।
অন্যদিকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করায় ৯৫ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। বর্তমানে তারা খুলনা ও বাগেরহাটের বিভিন্ন স্থানে বন্দি রয়েছে।
আজ রোববার ১৬ই ডিসেম্বর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আন্তমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্র সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কোস্টগার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ এবং গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দুই পক্ষই আলোচনার মাধ্যমে নাবিক ও জেলেদের দ্রুত ফিরিয়ে আনতে উদ্যোগ নিবে। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এ প্রক্রিয়া চূড়ান্ত করার পরিকল্পনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, অতীতে এমন ঘটনা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। দুই দেশের সম্পর্ক ইতিবাচক থাকায় এবারও সমাধান সহজ হবে বলে আশা করা হচ্ছে।







