ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর সম্ভব বলে মন্তব্য করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তিনি জানান, ফিলিস্তিনের পক্ষে থাকা দেশগুলো একত্রিত হয়ে যৌথ আদালত গঠন করে এই শাস্তি কার্যকর করতে পারে।
হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত মাসে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে দখলদার ইসরায়েল আদালতের এখতিয়ার অস্বীকার করে অভিযোগ নাকচ করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএসএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ঘারিবাবাদি বলেন, ‘জাতিসংঘের সঙ্গে যুক্ত আদালত হয়ত মৃত্যুদণ্ড দেবে না। তবে সমমনোভাবাপন্ন দেশগুলো যৌথ উদ্যোগে এ শাস্তি বাস্তবায়ন করতে পারে।’
গাজায় চলমান ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত প্রায় ৪৫,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হামাস পরিচালিত স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে জাতিসংঘ গাজায় মানবিক সংকটের বিষয়ে বারবার সতর্ক করেছে।
উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ি গত মাসে নেতানিয়াহু ও গালান্টের জন্য মৃত্যুদণ্ডের দাবি তোলেন। এদিকে দখলদার ইসরায়েল দাবি করে, হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের আক্রমণের পেছনে তেহরানের হাত রয়েছে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে ফিলিস্তিনি প্রতিরোধকে সমর্থনের ঘোষণা দিয়েছে।







