সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দারা’র ইজরা শহরে ১২টিরও বেশি গণকবরের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব কবরের মধ্যে থাকা মৃতদেহগুলো ফ্যাসিস্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত সরকারের হাতে নিহত সাধারণ মানুষের।
গতকাল সোমবার ফিল্ড পর্যবেক্ষণ ও খনন কার্যক্রম চালানোর সময় এই গণকবরগুলো আবিষ্কৃত হয় বলে জানিয়েছে ওই অঞ্চলে কাজ করা বিদ্রোহী গোষ্ঠীগুলোর সূত্র।
বিদ্রোহী গোষ্ঠীগুলোর সূত্র জানায়, দারা প্রদেশের ইজরা শহরের বিভিন্ন স্থানে খনন কার্যক্রমের মাধ্যমে এখন পর্যন্ত ৩১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অনুসন্ধান ও খনন কার্যক্রম এখনও চলছে, ফলে মৃতদেহের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার কাজে বিশেষজ্ঞ দলগুলোর পাশাপাশি সাধারণ নাগরিকরাও অংশ নিচ্ছেন। বিভিন্ন ভিডিওচিত্রে দেখা যায়, স্থানীয়দের পাশাপাশি অনুসন্ধানী দলগুলো খনন কাজে ব্যস্ত সময় পার করছেন।
রাজধানী দামেশকেও গণকবরের সন্ধান
গতকাল সোমবার সিরিয়ার রাজধানী দামেশকের উপকণ্ঠে অবস্থিত জিসর বাগদাদ এলাকায়ও একটি গণকবরের সন্ধান পাওয়া যায়। সেখানেও কয়েকটি মরদেহের অংশবিশেষ উদ্ধার করা হয়, যা সম্ভবত সাধারণ মানুষের বলে ধারণা করা হচ্ছে।
ক্ষমতাচ্যুত বাথ পার্টির শাসনামলে সারাদেশে গণকবরের সন্ধান পাওয়ার বিষয়টি যুদ্ধকালীন নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। অনুসন্ধানী দলগুলো এখনো বিভিন্ন স্থানে খনন ও তথ্য সংগ্রহ অব্যাহত রেখেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি