ইয়েমেনের হুথি গোষ্ঠী লক্ষ্য করে ইসরায়েলের হামলার প্রস্তুতি

ইয়েমেনের হুথি গোষ্ঠী লক্ষ্য করে ইসরায়েলের হামলার প্রস্তুতি
ছবিতে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুথি গোষ্ঠী ইসরায়েলের ওপর হামলার প্রস্তুতি। ছবি: টিআরটি অ্যারাবিক

ইসরায়েলের ওপর অব্যাহত হামলার জবাবে ইয়েমেনের হুথি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে তেলআবিব। সম্প্রতি হুথিরা একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের উদ্দেশে। সর্বশেষ গতকাল সোমবার হুথি গোষ্ঠী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, ইসরায়েলের দাবিমতে তারা এটাকে সফলভাবে প্রতিহত করেছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, সিরিয়ায় বাশার আল আসাদের শাসনের দুর্বলতা এবং লেবাননে হিজবুল্লাহর উপর ক্রমাগত আঘাতের পর হুথি গোষ্ঠী ইরানি জোটের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলার দায়িত্ব নিয়েছে। সম্প্রচারমাধ্যমটি আরও জানায়, ইসরায়েলের নিরাপত্তা প্রতিষ্ঠান একমত হয়েছে, হুথিদের এই হুমকি মোকাবেলায় সামরিক হামলা চালানো জরুরি।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইয়েমেন থেকে আসা ক্রমবর্ধমান হুমকি রুখতে গোয়েন্দা নজরদারি ও সামরিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে। ইতোমধ্যে এ সংক্রান্ত সামরিক পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে এবং এখন ইসরায়েলি শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা চলছে।

গতকাল সোমবার হুথি গোষ্ঠী জানায়, তারা ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর ইয়াফায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অন্যদিকে ইসরায়েলের উদ্ধার কর্মীরা জানায়, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের কারণে তেলআবিবসহ বিভিন্ন শহরে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় অন্তত পাঁচজন আহত হয়েছে।

উল্লেখ্য, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হুথি গোষ্ঠী গত ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলি বা তাদের সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে।

এর জবাবে চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে ইয়েমেনে হুথি গোষ্ঠীর অবস্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। পাল্টা প্রতিক্রিয়ায় হুথি গোষ্ঠী ঘোষণা দিয়েছে, তারা সব মার্কিন ও ব্রিটিশ জাহাজকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে এবং তাদের হামলার পরিসর আরও বাড়াবে।

বর্তমান পরিস্থিতিতে তেলআবিবের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

আমাদের ফলো করুন