ইসরায়েলের যুদ্ধবিমান গাজা উপত্যকার উত্তরের বাইত লাহিয়া এলাকায় একটি বাড়িতে হামলা চালালে ৮ জন শহিদ ও ৭ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, হামলার লক্ষ্যবস্তু ছিল বাতাহ পরিবারের বাড়ি। যেখানে সউইতি ও আশকার পরিবারের বেশ কয়েকজন সদস্য আশ্রয় নিয়েছিলেন। এদের মধ্যে অধিকাংশই ছিল নারী ও শিশু। হামলার পর বাড়িটিতে আগুন ধরে যায় এবং অনেকে পুড়ে আহত হন।
এ ছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে একটি স্কুলের চারপাশে এবং তেল আজ জাতার এলাকায় ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ চালায়। মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি আহত হন।
উল্লেখ্য, গত ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজারের বেশি মানুষ হতাহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে তেলআবিব এই হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি