গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে দখলদার ইসরায়েলি সেনাদের সাথে সংঘর্ষে তিন সেনাকে হত্যা এবং একটি সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড।
কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা জাবালিয়া শিবিরের পশ্চিমে ইসরায়েলি সেনাদের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হন। এই সংঘর্ষে তিন সেনাকে হত্যা করা হয়। সংঘর্ষের পর ইসরায়েলি হেলিকপ্টারগুলোকে হতাহত সেনাদের সরিয়ে নিতে দেখা গেছে।
অপর এক বিবৃতিতে কাসসাম জানিয়েছে, তাদের স্থাপন করা শক্তিশালী বিস্ফোরকে একটি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। এছাড়া ১১ জন ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে শিবিরের ভেতরে একটি বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে কাসাম ব্রিগেড প্রতিদিনই ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের ওপর হামলার দাবি জানিয়ে আসছে। তবে এসব হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য বরাবরই ইসরায়েল গোপন করে আসছে।
সূত্র: আনাদোলু এজেন্সি







