গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা প্রচেষ্টা চলমান থাকলেও ইসরায়েলি বাহিনীর হামলা থামেনি। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী তিনটি বড় গণহত্যা চালিয়ে ৩৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং এতে আহত হয়েছে ২০৩ জন।
উত্তর গাজার বেইত হানুন এলাকায় একটি বাড়িতে হামলায় ৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে দেইর আল বালাহ এলাকায় একটি শরণার্থী তাবুতে ড্রোন হামলায় ২ জন নিহত এবং আহত হয়েছেন আরও অনেকে।
গাজা শহরের কেন্দ্রস্থলে ইসরায়েলি বিমান হামলায় একটি বাড়িতে কমপক্ষে ১০ জন নিহত হন। এছাড়া দক্ষিণ রাফাহ, মধ্য নুসাইরাত ক্যাম্প এবং উত্তর বেইত লাহিয়ায় বিভিন্ন হামলায় আরও ৬ জন নিহত হন।
শিশুদেরও রেহাই নেই
গাজার দারাজ এলাকায় একটি স্কুলের কাছাকাছি ইসরায়েলি বাহিনীর হামলায় আহত এক শিশু চিকিৎসাধীন অবস্থায় শহিদ হয়। অন্যদিকে গাজার দারাজ এলাকার আল কুয়াইদার পরিবারের একটি বাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়। সেখান থেকে তিনজনকে জীবিত উদ্ধার করেছে গাজার সিভিল ডিফেন্স।
উল্লেখ্য, গতকাল বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ই অক্টোবর ২০২৩ থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত শহিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৭ জনে। আর আহত হয়েছেন ১ লাখ ৭ হাজার ২৪৪ জন। এছাড়াও এই আগ্রাসনে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ নিখোঁজ এবং শিশু ও বৃদ্ধসহ কয়েক ডজন মানুষ ক্ষুধায় মারা গেছেন। বিশ্বজুড়ে একে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সূত্র: টিআরটি অ্যারাবিক







