দখলদার ইসরায়েলি সেনাবাহিনী আজ বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ওপর বিমান হামলা চালিয়েছে। হামলাগুলোতে পশ্চিম ইয়েমেনের বন্দর, জ্বালানি অবকাঠামো এবং অভ্যন্তরীণ অঞ্চলগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, বুধবার রাতে হুথি গোষ্ঠী ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা লক্ষাধিক ইসরায়েলি নাগরিককে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য করে। ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে তেলআবিবের কিছু অংশে ক্ষয়ক্ষতি দেখা গেছে।
হাগারি আরও জানান, ‘গত দুই সপ্তাহে হুথিরা একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে একটি দক্ষিণ ইসরায়েলের বেসামরিক এলাকায় আঘাত করেছে।’
হুথি গোষ্ঠীর সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি হামলায় রাজধানী সানা ও হুদাইদা প্রদেশে বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগার ও বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
দখলদার ইসরায়েলের গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদে হুথি গোষ্ঠী গত নভেম্বর থেকে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
গাজায় সংঘাত শুরুর পর থেকে দখলদার ইসরায়েল ইয়েমেনে দু’বার হামলা চালিয়েছে। জুলাই ও সেপ্টেম্বরে পরিচালিত হামলায় হুদাইদার বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও হুথি গোষ্ঠীর বিভিন্ন অবস্থান লক্ষ্যবস্তু করা হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি







