দ্য ইকোনমিস্টে বাংলাদেশকে ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে স্বীকৃতি

দ্য ইকোনমিস্টে বাংলাদেশকে ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে স্বীকৃতি
দ্য ইকোনমিস্টে বাংলাদেশকে ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে স্বীকৃতি। ছবি : সংগৃহীত

বিশ্ববিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্ট ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশকে তাদের উন্নতির মাপকাঠিতে বিচার করে বর্ষসেরা দেশ নির্বাচন করে দ্য ইকোনমিস্ট।

তবে, এখানে ধনী, সুখী বা নৈতিক শ্রেষ্ঠতার বিচারে নয়; বরং গত ১২ মাসে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এবং উন্নতি সাধন করেছে এমন দেশকে এই স্বীকৃতি দেওয়া হয়।

বাংলাদেশ কেন বর্ষসেরা হলো?

প্রতিবেদনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আগস্ট মাসে ছাত্রদের নেতৃত্বে হওয়া ঐতিহাসিক আন্দোলনে ১৫ বছরের শাসনকালের অবসান ঘটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। স্বাধীনতার নায়কের কন্যা হিসেবে শেখ হাসিনা একসময় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতৃত্ব দিয়েছিলেন। তবে পরবর্তীতে তার শাসনামলে গণতন্ত্রে প্রতিবন্ধকতা, বিরোধীদের দমন, নির্বাচনে কারচুপি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে।

দেশে ক্ষমতার পালাবদলের সময় রাজনৈতিক সহিংসতা ও অস্থিতিশীলতার আশঙ্কা ছিল। তবে শান্তিতে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই সরকার ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থনে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করতে পেরেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নতুন সরকারকে ২০২৫ সালের মধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, নিরপেক্ষ আদালত নিশ্চিত করা এবং স্বচ্ছ নির্বাচনের পরিকল্পনা করতে হবে। এসব চ্যালেঞ্জ সহজ নয়, তবে একজন স্বৈরশাসককে অপসারণ এবং গণতান্ত্রিক পথে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের এই পরিবর্তন বিশ্ববাসীর জন্য একটি অনুপ্রেরণা হবে।

বাংলাদেশ ছাড়াও চূড়ান্ত তালিকায় ছিল সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড। সিরিয়া, সম্প্রতি বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য রানারআপ হয়েছে। আর্জেন্টিনা অর্থনৈতিক সংস্কারের জন্য, দক্ষিণ আফ্রিকা নতুন সরকার গঠনের জন্য, এবং পোল্যান্ড খারাপ শাসনের অবসান ঘটানোর জন্য প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, গত বছর গ্রিস বর্ষসেরা দেশ হিসেবে নির্বাচিত হয়েছিল। দীর্ঘ আর্থিক সংকট কাটিয়ে মধ্যপন্থী সরকার পুনর্নির্বাচনের মাধ্যমে গ্রিস এই স্বীকৃতি পায়। এর আগের বিজয়ীদের মধ্যে ছিল কলম্বিয়া (গৃহযুদ্ধের অবসানের জন্য), ইউক্রেন (রাশিয়ার আগ্রাসনের প্রতিরোধের জন্য) এবং মালাউই (গণতন্ত্রের পথে অগ্রসর হওয়ার জন্য)।

দ্য ইকোনমিস্টের মতে, বাংলাদেশ ২০২৪ সালে গণতন্ত্র, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়েছে। বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশের এই যাত্রা ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

আমাদের ফলো করুন