অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই!

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই!
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই! ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। আজ শুক্রবার ২০শে ডিসেম্বর বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো. আবিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপদেষ্টা হাসান আরিফ স্যার মারা গেছেন। আজ শুক্রবার বিকেল ৩টার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

রাষ্ট্রীয় দায়িত্ব

এ এফ হাসান আরিফ ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আইন, বিচার ও সংসদ বিষয়ক, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

পরে ২০২৪ সালের ৮ই আগস্ট তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। এরপর ৯ই আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ২৭ আগস্ট ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

জীবন ও কর্ম

১৯৪১ সালের ১০ই জুলাই ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন হাসান আরিফ। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি সম্পন্ন করেন। আইন পেশায় তার যাত্রা শুরু হয় ১৯৬৭ সালে কলকাতা হাইকোর্টে। পরবর্তীতে ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন।

হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার সহকর্মীরা। একজন দক্ষ প্রশাসক ও অভিজ্ঞ আইনজীবী হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

আমাদের ফলো করুন