দখলদার ইসরায়েল দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের ‘হাউজ আল ইয়ারমুক’ এলাকায় দুটি গ্রাম দখল করেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈর শাসক বাশার আল আসাদের শাসনের পতনের পর থেকেই ইসরায়েল দখলকৃত ভূমি সম্প্রসারণের অপচেষ্টা চালাচ্ছে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার দখলদার ইসরায়েলি বাহিনী দারা প্রদেশের ‘হাউজ আল ইয়ারমুক’ এলাকার জুমলা ও ময়ারিবা গ্রাম দখল করে।
গ্রামগুলোর দখলদারিত্বের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে অংশ নেন। তারা ‘নতুন সিরিয়ার’ পতাকা উত্তোলন করে এবং ‘ইসরায়েল, তুমি চলে যাও’ স্লোগান দেন। তবে বিক্ষোভ চলাকালে ইসরায়েলি বাহিনী পার্শ্ববর্তী পাহাড় থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে একজন আহত হন। তার শারীরিক অবস্থা এখনো জানা যায়নি।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর বিষয়টি স্বীকার করেছে। তারা দাবি করেছে, বিক্ষোভের সময় সৈন্যরা ‘হুমকি অনুভব’ করেছিল এবং এই পরিস্থিতিতে একজন বিক্ষোভকারীকে গুলি করার অনুমতি রয়েছে ।
এদিকে সিরিয়ায় স্বৈরাচার বাশার আল আসাদের শাসনের পতনের সুযোগ নিয়ে ইসরায়েল সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা বাড়িয়েছে। দেশটির সামরিক অবকাঠামো ধ্বংস এবং গোলান মালভূমির মতো কৌশলগত এলাকা দখল সম্প্রসারণই এই হামলার মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
এছাড়া ইসরায়েল ১৯৭৪ সালের সিরিয়া-ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গোলান মালভূমির নিরস্ত্র অঞ্চলে তাদের সেনা মোতায়েন করেছে। এর পাশাপাশি তারা দারা প্রদেশের বিভিন্ন এলাকায় অগ্রসর হয়েছে। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও আরব বিশ্বের বিভিন্ন দেশ।
গত ৮ই ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেশক নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহী গোষ্ঠীগুলো। এ সময় সিরিয়ার সরকারবাহিনী পিছু হটে, আর বাশার আল আসাদ তার পরিবারসহ রাশিয়ায় পালিয়ে যায়। এরপর রাশিয়া তাকে মানবিক(!) আশ্রয় দেয় । এর মধ্য দিয়ে ৬১ বছরের বাথ পার্টির শাসন এবং আসাদ পরিবারের ৫৩ বছরের একচ্ছত্র ক্ষমতার অবসান ঘটে।
আসাদের শাসন পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ায় হামলার মাত্রা বাড়িয়েছে। এসব হামলা দেশটির অবশিষ্ট সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। একই সাথে ইসরায়েল গোলান মালভূমির দখল সম্প্রসারণেও ব্যাপক মনোযোগী হচ্ছে। যা সিরিয়ার মত স্বাধীন ভূখন্ডের জন্য মারাত্মক ঝুঁকি।
সূত্র: আনাদোলু এজেন্সি







