কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ছয় দূতাবাস ভবন ধ্বংস

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ছয় দূতাবাস ভবন ধ্বংস
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ছয় দূতাবাস ভবন ধ্বংস। ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার চালানো নতুন ক্ষেপণাস্ত্র হামলায় ছয়টি বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল শুক্রবার ২০শে ডিসেম্বর সকালের এ হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

কিয়েভে শুক্রবার সকালে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার পরপরই শহরের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। স্থানীয় বাসিন্দারা ভয়াবহ শব্দের পাশাপাশি ধ্বংসস্তুপের দৃশ্যের কথা জানিয়েছেন।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় আলবেনিয়া, আর্জেন্টিনা, উত্তর মেসিডোনিয়া, ফিলিস্তিন, পর্তুগাল এবং মন্টিনিগ্রোর কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও দূতাবাসের কর্মীদের অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, রোস্তভ অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। মস্কোর দাবি, তাদের বাহিনী ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে দূরপাল্লার অস্ত্র দিয়ে আঘাত হেনেছে।

ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো জানিয়েছেন, রাশিয়া কিয়েভে মোট আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক জনগোষ্ঠী ও কূটনৈতিক স্থাপনাগুলোও ক্ষতির শিকার হয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

এই হামলার পরপরই কিয়েভের মিত্র দেশগুলো রাশিয়ার এই পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে। পরিস্থিতি নিয়ে জাতিসংঘে জরুরি বৈঠকের আহ্বান করা হতে পারে বলে জানিয়েছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

হামলার পর শহরে আতঙ্ক বিরাজ করছে। কূটনৈতিক মহল এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সম্পর্কের প্রতি সরাসরি আঘাত হিসেবে দেখছে।

আমাদের ফলো করুন