ক্ষেপণাস্ত্র ছুঁড়ে নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করল মার্কিন বাহিনী

ক্ষেপণাস্ত্র ছুঁড়ে নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করল মার্কিন বাহিনী
ক্ষেপণাস্ত্র ছুঁড়ে নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করল মার্কিন বাহিনী। ছবি: সংগৃহীত

লোহিত সাগরের ওপর ভুলবশত নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ রোববার ভোরে এফ/এ-১৮ হর্নেট মডেলের এই বিমানটি ভূপাতিত হওয়ার ঘটনা ঘটে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিমানটি হ্যারি এস ট্রুম্যান যুদ্ধবিমানবাহী রণতরি থেকে উড্ডয়ন করেছিল। তবে ভুলবশত হ্যারি এস ট্রুম্যানের সুরক্ষাবহরে থাকা গেটিসবার্গ নামের একটি ক্ষেপণাস্ত্র ক্রুজার থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বিমানটিকে আঘাত করে।

যুদ্ধবিমানটিতে থাকা দুজন পাইলট সময়মত বিমান থেকে বেরিয়ে পড়েন। তাদের একজন সামান্য আহত হলেও উভয়কেই নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে।

ইসরায়েল-হামাস সংঘাতের কারণে লোহিত সাগর বর্তমানে আন্তর্জাতিক সামরিক উত্তেজনার প্রধান কেন্দ্রস্থল হয়ে উঠেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা হামাসের সমর্থনে লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে আক্রমণ চালিয়ে আসছে।

এর জবাবে মার্কিন সামরিক বাহিনী এ অঞ্চলে সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছে। গতকাল শনিবারও মার্কিন বাহিনী হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে অভিযান চালায়। পাশাপাশি ইয়েমেনের সানায় হুতিদের কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল স্টেশন এবং ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে আক্রমণ চালানো হয়।

আমাদের ফলো করুন