সিরিয়ার নতুন প্রশাসনের সর্বোচ্চ নেতা আহমদ শারহ (জুলানি) এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শনিবার দামেশকে এক যৌথ সংবাদ সম্মেলন করেন। বৈঠকে দুই নেতা সিরিয়ার ভবিষ্যৎ প্রশাসনকে শক্তিশালী করা, কৌশলগত সম্পর্ক জোরদার করা এবং দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়কে শক্তিশালীকরণ
সংবাদ সম্মেলনে আহমাদ শারহ জানান, নতুন সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, সরকারের বাইরে কোন অস্ত্র থাকতে পারে না। এটি শুধুই রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে।
তুরস্কের সাথে সম্পর্ক কেমন হবে
জুলানি আরও উল্লেখ করেন, তুরস্ক সিরিয়ার বিপ্লবের শুরু থেকেই পাশে ছিল এবং ভবিষ্যতেও সাহায্য করতে প্রস্তুত। তিনি বলেন, আমরা আঙ্কারার সাথে এমন একটি কৌশলগত সম্পর্ক তৈরি করব, যা এই অঞ্চলের ভবিষ্যৎকে বদলে দেবে।
সংখ্যালঘুদের নিরাপত্তা
সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে জুলানি বলেন, পূর্বতন সরকার সংখ্যালঘুদের ভয় দেখিয়ে এবং বিভেদের মাধ্যমে অর্ধ শতাব্দী শাসন করেছে। এখন আমরা একটি এমন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করব, যা সকল সম্প্রদায়ের জন্য নিরাপদ এবং সবার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
তিনি আরও জানান, ভিন্ন ভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী প্রতিরক্ষা মন্ত্রণালয় গঠন করতে বেশিরভাগ পক্ষই সম্মত হয়েছে।
জুলানি আরও বলেন, পুরোনো সরকারের পতনের মধ্য দিয়ে নিষেধাজ্ঞার কারণ দূর হয়েছে। এখন সিরিয়ার স্থিতিশীলতা ও অখণ্ডতার জন্য আন্তর্জাতিক ঐক্য প্রয়োজন।
হাকান ফিদান যা বললেন
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, সাবেক শাসনব্যবস্থা ছিল কালো অধ্যায়, কিন্তু সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। তুরস্ক সিরিয়ার জনগণের পাশে থাকবে এবং তাদের পুনর্গঠনে সহযোগিতা করবে।
তিনি আরও বলেন:
- সিরিয়ার নতুন প্রশাসন সংখ্যালঘুদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি নতুন সংবিধান প্রণয়ন করবে।
- দেশটির পুনর্গঠনে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নতুন প্রশাসনকে সহায়তা দেওয়া জরুরি।
- সন্ত্রাসী সংগঠনগুলোকে সিরিয়ার ভবিষ্যতে কোন স্থান দেওয়া হবে না। বিশেষ করে পিকেকে এবং ওয়াইপিজির মতো সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ করতে হবে।
ফিদান আরও উল্লেখ করেন, আমরা চাই প্রশাসন পুরো দেশটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুক এবং লাখ লাখ শরণার্থী নিরাপদে দেশে ফিরে আসুক।
সূত্র: আল জাজিরা







