সৌদি আরব আফগানিস্তানের রাজধানী কাবুলে তাদের কূটনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করেছে। গতকাল ২২শে ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে কাবুলের সৌদি দূতাবাস এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই পদক্ষেপ আফগান জনগণের জন্য বিশেষ সেবা প্রদানের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তবে সেবার ধরন বা এর কার্যক্রমের সুনির্দিষ্ট বিবরণ প্রকাশ করা হয়নি।
এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি। তিনি বলেন, ‘এটি উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
ইসলামি আমিরাত সরকারের কূটনৈতিক প্রচেষ্টার ধারাবাহিকতায় আফগানিস্তান অল্প সময়ের মধ্যেই বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে আরও দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আশা করছে আফগানিস্তান।
সূত্র: হুররিয়াত রেডিও







