গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে, গত রোববার ভোর থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় ৫৮ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন। এ সময়ে আরও ৮৪ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে গাজায় ব্যাপক প্রাণহানি ঘটছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান হামলায় এখন পর্যন্ত ৪৫ হাজার ৩১৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আর আহত হয়েছেন এক লাখ ৭ হাজার ৭১৩ জন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। উদ্ধার কাজে প্রয়োজনীয় সরঞ্জামের অভাব এবং ভবনের ধ্বংসস্তুপে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার না করতে পারায় নিহত ও আহতের সঠিক পরিসংখ্যান পাওয়া কঠিন বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অনেক বার ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও তোলা হয়েছে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করার আগ পর্যন্ত এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: আনাদোলু এজেন্সি