আবারো ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আবারো ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
আবারো ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ১৩ জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার ২২শে ডিসেম্বর রাতে তাদের আটক করার পর গতকাল সোমবার ২৩শে ডিসেম্বর ভারতের মেঘালয়ের জুয়াই পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

তবে আজ মঙ্গলবার ২৪শে ডিসেম্বর সকাল পর্যন্ত বিষয়টি নিশ্চিত করতে পারেনি বিজিবি বা স্থানীয় পুলিশ। সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে লিখিত কোন অভিযোগ পাইনি। স্থানীয় থানায় কোন মিসিং কেসও করা হয়নি।’

পূর্ব জাফলং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, আটক শ্রমিকদের স্বজনরা তাদের অবস্থান জানতে চেয়েছেন। আটকরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর এলাকার বাসিন্দা হলেও কিভাবে বা কেন সীমান্তে গিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

গোয়াইনঘাট থানার ওসি জানান, আটকের খবর শোনা গেছে। তবে থানায় এখনো কোন অফিসিয়াল তথ্য আসেনি। তথ্য পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফলো করুন