কাজাখস্তানের আকতাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৪২ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উড়োজাহাজে থাকা ৬৭ আরোহীর মধ্যে ২৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।
আজ বুধবার দুপুরে বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে যাত্রা শুরু করা এমব্রেয়ার ১৯০ মডেলের এই ফ্লাইটটি দুর্ঘটনায় পড়ে। আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে, ঘন কুয়াশার কারণে গ্রোজনি বিমানবন্দরে অবতরণ করতে না পেরে পাইলট আকতাউ শহরের কাছে জরুরি অবতরণের চেষ্টা করেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, উড়োজাহাজটি পাখির আঘাতের শিকার হয়েছিল। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই এতে আগুন ধরে যায়। ভিডিও ফুটেজে দেখা গেছে, ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে এবং আহত যাত্রীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধারের অপেক্ষায় রয়েছেন।
কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আগুন নেভাতে দ্রুত অগ্নিনির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা আহতদের উদ্ধার করা সহ আগুন নিভানোর কাজ শুরু করেন।
এদিকে, রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, কারিগরি ত্রুটি বা অন্য কোনো কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ দুর্ঘটনার খবর পাওয়ার পর রাশিয়া সফররত আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে গেছেন। পাশাপাশি প্রেসিডেন্ট এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।







