ইসরায়েল আবারও নতুন করে ইয়েমেনের ওপর বিমান হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সন্ধ্যায় হুতি বিদ্রোহীদের নেতা আবদুল মালিক আল-হুতির টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বক্তব্যের সময় এই হামলা শুরু হয়। ইসরায়েলের সরকারি ও বেসরকারি গণমাধ্যমের বরাতে জানা যায়, হামলায় সানার বিমানবন্দর, হোদেইদা বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন কৌশলগত স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।
হুতি বিদ্রোহীদের টিভি চ্যানেল ‘আল-মাসিরা’ জানিয়েছে, সানার একটি কেন্দ্রীয় বিদ্যুৎকেন্দ্র এবং হোদেইদার রস কোথাইব বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানা হয়েছে। ইসরায়েলের ‘চ্যানেল ১৩’-এর তথ্যমতে, কয়েক ডজন যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়।
এ বছরের মধ্যে ইয়েমেনের ওপর এটি ইসরায়েলের চতুর্থ হামলা। এর আগে জুলাই, সেপ্টেম্বর এবং ডিসেম্বরে এ ধরনের হামলা চালানো হয়েছিল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুতিদের হুমকি দিয়ে বলেছেন, “তারা সেই শিক্ষা পাবে যা হামাস ও হিজবুল্লাহ পেয়েছে।”
তবে হুতিদের পাল্টা হামলা ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন এবং হুতিদের প্রতিরোধে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে।
সূত্র আনাদোলু এজেন্সি







