ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কামাল আদওয়ান হাসপাতালের কাছে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন চিকিৎসকসহ হাসপাতালের কর্মী রয়েছেন।
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর উত্তর গাজার বেইত লাহিয়া এলাকার এক ভবনে এই হামলা হয়। হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আহমেদ সামুর, ল্যাব টেকনিশিয়ান ইসরা, এবং রক্ষণাবেক্ষণ প্রযুক্তিবিদ ফারেসসহ আরও অনেকের মৃত্যু হয়েছে।
ইসরায়েল গত ৫ অক্টোবর থেকে গাজায় হামাসের বিরুদ্ধে ব্যাপক স্থল অভিযান শুরু করে। এতে মানবিক সংকট তীব্র হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, গাজায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত এবং ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি