সাবেক ফ্যাসিস্ট হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের পাঠানো নোট ভারবালের প্রেক্ষিতে ভারত কোনো মন্তব্য না করে সতর্ক অবস্থান বজায় রেখেছে। নয়াদিল্লি স্পষ্ট করেছে যে, তারা ঢাকার সঙ্গে নতুন কোনো সমস্যা তৈরি করতে চায় না এবং বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্বীকার করেছেন যে নোট ভারবাল পাওয়া গেছে, তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। ভারতের কূটনৈতিক মহল মনে করছে, প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছে, যা আরও জটিল পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
সম্প্রতি, বাংলাদেশে বিদেশি নাগরিকদের বৈধতার সময়সীমা বেঁধে দেওয়া, সিনিয়র সাংবাদিকদের পদত্যাগে বাধ্য করা, এবং রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে নতুন উপদেষ্টাদের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে।
বাংলাদেশ সরকার “নতুন বাংলাদেশ বিনির্মাণ: অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্রনীতি” শীর্ষক একটি সভা আহ্বান করেছে, যেখানে সংস্কারপন্থী তরুণ নেতাদের অন্তর্ভুক্তির বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হতে পারে।
ভারতীয় সূত্র জানিয়েছে, নয়াদিল্লি ঢাকার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে কৌশলগতভাবে এগোচ্ছে।
সূত্র: দ্য হিন্দু