দক্ষিণ লেবাননের তিন শহর থেকে দখলদার ইসরাইলি সেনা প্রত্যাহার

দক্ষিণ লেবাননের তিন শহর থেকে দখলদার ইসরাইলি সেনা প্রত্যাহার
দক্ষিণ লেবাননের তিন শহর থেকে দখলদার ইসরাইলি সেনা প্রত্যাহার । ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননের তিনটি শহরে অনুপ্রবেশের পর লেবানন সেনাবাহিনীর অভিযানে ইসরায়েলি দখলদার বাহিনী সেখান থেকে সরে গেছে। সীমান্ত থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরগুলো হলো কান্তারা, আদশিত আল-কাসের এবং ওয়াদি আল-হুজাইর।

লেবানন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী কান্তারা, আদশিত আল-কাসের এবং ওয়াদি আল-হুজাইর এলাকায় যে অনুপ্রবেশ করেছিল, সেখান থেকে তারা এখন সরে গেছে।

সেনাবাহিনী আরও জানায়, ইসরায়েলি বাহিনী ওই এলাকায় মাটির বাঁধ তৈরি করে একটি রাস্তা বন্ধ করে দিয়েছিল। লেবানন সেনারা সেই বাঁধ সরিয়ে রাস্তাটি পুনরায় খুলে দিয়েছে।

লেবানন সেনাবাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক পঞ্চপক্ষীয় কমিটির মাধ্যমে একাধিক কূটনৈতিক যোগাযোগের পর ইসরায়েলি বাহিনী তাদের অবস্থান থেকে পিছু হটে।

এই কমিটিতে লেবানন এবং ইসরায়েলের সেনাবাহিনীর পাশাপাশি জাতিসংঘের অস্থায়ী শান্তিরক্ষা মিশন (ইউনিফিল) এবং যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রতিনিধি রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার লেবাননের সরকারি বার্তা সংস্থা জানায়, সম্প্রতি ইসরায়েলি সামরিক যানবাহন ওয়াদি আল-হুজাইরের মধ্য দিয়ে কান্তারা শহরে প্রবেশ করে। এতে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ হয়েছে। গত ৩০ দিনে ইসরায়েলি বাহিনী এই চুক্তি ৩০০ বারেরও বেশি লঙ্ঘন করেছে বলে জানানো হয়েছে।

আমাদের ফলো করুন