আবারো উত্তপ্ত মণিপুর, সংঘর্ষে নিহত ১

আবারো উত্তপ্ত মনিপুর, সংঘর্ষে নিহত ১
আবারো উত্তপ্ত মনিপুর, সংঘর্ষে নিহত ১। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের দুটি গ্রামে শুক্রবার ২৭ ডিসেম্বর বন্দুক ও বোমা হামলায় একজন গ্রামরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার পূর্ব ইম্ফল জেলার সানাসাবি ও থামনাপোকপি গ্রামে সশস্ত্র ব্যক্তিরা এলোপাতাড়ি গুলি ও বোমা ছুড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, সানাসাবি গ্রামে সকাল পৌনে ১১টার দিকে পাহাড়ের ওপর থেকে হামলা চালানো হয়। নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দিলে গোলাগুলি শুরু হয়। আধা ঘণ্টা পর থামনাপোকপি গ্রামে আরেক দফা হামলা হয়, যেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষ চলে।

এ সময় সিআরপিএফসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা নারী, শিশু ও বয়স্কদের নিরাপদে উদ্ধার করেন।

উল্লেখ্য, মণিপুরে মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে চলমান সহিংসতায় গত মে মাস থেকে এ পর্যন্ত ২৫০ জনের বেশি নিহত এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আমাদের ফলো করুন