সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই দিনে নিহত দুই বাংলাদেশি

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই দিনে নিহত দুই বাংলাদেশি
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই দিনে নিহত দুই বাংলাদেশি। ছবি : সংগৃহীত

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের গুলিতে দুই দিনে প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি। সর্বশেষ ঘটনায় শুক্রবার ২৭ ডিসেম্বর সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি দমদমিয়া সীমান্তে ২০ বছরের এক যুবক নিহত হন। এর আগে, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে ১৬ বছরের এক কিশোর প্রাণ হারায়।

শুক্রবার নিহত যুবক সবুজ মিয়া গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল পাহাড়তলী গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সবুজের মরদেহ দমদমিয়া সীমান্তের ১২৬১ নম্বর পিলার থেকে প্রায় ২০০ গজ ভারতের ভেতরে পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁরা বিজিবি ও পুলিশকে খবর দেন।

দমদমিয়া বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) সুবেদার মিজানুর রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের কাছ থেকে এ ঘটনা জানতে পেরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে সীমান্তের ওপারে মরদেহ থাকায় বাংলাদেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা উদ্ধার করতে পারেনি।

এর এক দিন আগে বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলার ঝিঙ্গাবাড়ি সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হন ১৬ বছরের কিশোর মারুফ মিয়া। তিনি ঝিঙ্গাবাড়ি গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে।

ভারতীয় খাসিয়াদের বেপরোয়া আচরণে সীমান্ত এলাকায় বারবার এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি উত্তরণের জন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কার্যকর সমন্বয় ও স্থায়ী সমাধানের প্রয়োজন।

আমাদের ফলো করুন