আফগান-পাকিস্তান উত্তেজনা কমাতে সংলাপের আহ্বান রাশিয়ার

আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনা কমাতে সংলাপের আহ্বান জানিয়েছে রাশিয়া
আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনা কমাতে সংলাপের আহ্বান জানিয়েছে রাশিয়া। ছবি: সংগৃহীত

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দুই দেশকে সংযম প্রদর্শন এবং মতপার্থক্য নিরসনে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং আরও উত্তেজনা এড়াতে বিচক্ষণ পদক্ষেপ নেওয়া জরুরি।’

এই আহ্বান এসেছে ডুরান্ড সীমান্তে সম্প্রতি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে। গতকাল আফগান সীমান্ত বাহিনী পাকিস্তানি ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান এবং তাদের সহযোগীদের লক্ষ্য করে হামলা চালায়। এটি ছিল পাকিস্তানের বিমান বাহিনীর পাল্টা জবাব। এর আগে, পাকিস্তানি বিমান বাহিনী আফগানিস্তানের পাকটিকা প্রদেশের বারমাল এলাকায় বিমান হামলা চালায়। ওই হামলায় ৪৬ জন বেসামরিক নিহত এবং ছয়জন আহত হন।

রাশিয়া বলেছে, দুই দেশের মধ্যে সংলাপই আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার সর্বোত্তম উপায়। সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানো সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেছে মস্কো।

দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে রাশিয়া বলেছে, শান্তি প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন।

আমাদের ফলো করুন