তাবলিগ জামাতের অভ্যন্তরীণ সংঘাত নিরসনে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে একটি নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, মাওলানা জুবায়ের ও মাওলানা সা’দ অনুসারীরা আগে থেকে যেসব মসজিদে কার্যক্রম পরিচালনা করে আসছেন, সেই মসজিদেই তাদের কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
গতকাল রোববার ২৯শে ডিসেম্বর জারি করা এই প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম। প্রজ্ঞাপনে দুই পক্ষের অনুসারীদের নিজেদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
তাবলিগ জামাতের সা’দ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেছেন, আমরা কাকরাইল মসজিদসহ অন্যান্য স্থানে বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের সাথীদের কার্যক্রম বাধাগ্রস্ত করা হচ্ছে, বিভিন্ন মসজিদ দখল করা হচ্ছে এবং ভয়াবহ জুলুম চলছে।
তিনি সরকারের প্রতি নিরপেক্ষতার আহ্বান জানিয়ে বলেন, আমরা চাই ধর্মীয় স্বাধীনতা বজায় রেখে সংঘাতের সমাধানে সরকারের সক্রিয় ভূমিকা। এছাড়া আমাদের শীর্ষ মুরুব্বিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়া মুরুব্বিদের মুক্তি দিতে হবে।
সায়েম আরো বলেন, তাবলিগের মূল লক্ষ্য শান্তি ও ইসলামের দাওয়াত প্রচার। এ ধরনের সংঘাত তাবলিগের ভাবমূর্তিকে নষ্ট করছে। আমরা উভয় পক্ষের মধ্যে বৈঠকের মাধ্যমে সমাধানে পৌঁছাতে আগ্রহী!
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাবলিগ জামাতের উভয় পক্ষের প্রতি সংঘাত এড়িয়ে নিজ নিজ কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন এ বিষয়ে নিরপেক্ষ অবস্থান ধরে রাখবে এবং সংঘাত এড়াতে স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্টদের সহায়তা করবে।
তাবলিগ জামাতের অভ্যন্তরীণ এই বিরোধ দীর্ঘদিন ধরে চলমান। সরকারের এই উদ্যোগে বিরোধ নিরসনে কতটা অগ্রগতি হয়, তা সময়ই বলে দেবে।
উল্লেখ্য, তাবলিগ জামাতের অভ্যন্তরীণ এই বিরোধ দীর্ঘদিন ধরে চলমান। এরই মধ্যে চলতি মাসের ১৪ই ডিসেম্বর টঙ্গি ইজতেমা ময়দানে সা’দপন্থীদের সন্ত্রাসী হামলার ফলে সরকার তাদের সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেয়। তাবলিগের দুপক্ষের টানাপোড়েনে সরকারের এই উদ্যোগে বিরোধ নিরসনে কতটা অগ্রগতি হয়, তা সময়ই বলে দেবে।







