শ্রীনগরে কোরআন ও হিজাব বিতরণকালে তিন মুসলিম নারীকে আটক

শ্রীনগরে কোরআন ও হিজাব বিতরণকালে তিন মুসলিম নারীকে আটক
শ্রীনগরে কোরআন ও হিজাব বিতরণকালে তিন মুসলিম নারীকে আটক। ছবি: সংগৃহীত

শ্রীনগরের রাজবাগ এলাকায় কোরআন ও হিজাব বিতরণের সময় তিন মুসলিম নারীকে আটক করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ।

গত ২৩ ফেব্রুয়ারি রোববার কাশ্মীরি একদল তরুণী রমজানের আগে ধর্মীয় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কোরআনের কপি ও হিজাব বিতরণের উদ্যোগ নেয়। এই কর্মসূচির মাধ্যমে বিশেষভাবে নারী ও শিশুদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছিল।

তবে পুলিশের হস্তক্ষেপে এই উদ্যোগ বাধাগ্রস্ত হয় এবং তিনজন নারীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হলেও কেন তাদের আটক করা হয়েছিল, তা স্পষ্ট নয়।

এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা গেছে। পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেতা এবং পুলওয়ামার বিধায়ক ওয়াহিদ পারা পুলিশের এই পদক্ষেপের নিন্দা করেছেন। তিনি একাধিক পোস্টে পুলিশের আচরণকে অন্যায় বলে উল্লেখ করেন এবং বলেন, কোরআন শান্তি, ন্যায়বিচার ও অপরাধমুক্ত সমাজের শিক্ষা দেয়।

তিনি শ্রীনগর পুলিশের প্রতি আহ্বান জানান, যেন আটক নারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া না হয়। পাশাপাশি, তিনি বিষয়টি পুলিশের সঙ্গে আলোচনা করে নিশ্চিত করেন যে নারীরা নিরাপদ এবং তাদের সংক্ষিপ্ত সময়ের জন্যই আটক রাখা হয়েছিল।

এই ঘটনাগুলো ধর্মীয় স্বাধীনতা ও আইনের মধ্যে সীমারেখা নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে রমজানের আগে এই ধরনের পদক্ষেপ নিয়ে কাশ্মীরের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

আমাদের ফলো করুন