ভারতের তেলেঙ্গানার নির্মল জেলায় উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হামলার শিকার হয়েছেন এক মুসলিম সরকারি কর্মকর্তা। সোমবার সন্ধ্যায় ভৈংসা শহরে আবদুল ওয়াকিল নামের ওই কর্মকর্তাকে আটক করে মারধর করা হয়। হামলাকারীরা নিজেদের ‘গো-রক্ষক’ বলে পরিচয় দেয়।
আবদুল ওয়াকিল তানুরের মন্ডল রাজস্ব দপ্তরে (এমআরও) জুনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত। ঘটনার সময় তিনি মোটরসাইকেলে করে একটি ফাইল বহন করছিলেন, যা গেরুয়া কাপড়ে মোড়ানো ছিল। রোজা রেখে দিনভর কাজ শেষে ফেরার পথে ভৈংসা শহরে পৌঁছালে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যরা তাকে থামিয়ে জেরা শুরু করে এবং একপর্যায়ে হামলা চালায়।
হামলার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একদল উগ্রপন্থী ওয়াকিলকে ঘিরে দুর্ব্যবহার করছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করছে। তাদের আপত্তির বিষয় ছিল, তিনি কেন গেরুয়া কাপড়ে ফাইল মোড়ানো রেখেছেন।
ভৈংসা শহর দীর্ঘদিন ধরেই সাম্প্রদায়িক উত্তেজনার কেন্দ্র হিসেবে পরিচিত। ২০১৮, ২০২০ ও ২০২১ সালে এখানে কয়েক দফা দাঙ্গা হয়, যেখানে বহু মানুষ আহত ও নিহত হন। বিশ্লেষকদের মতে, এই ধরনের হামলা ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিত নিপীড়নেরই অংশ।
সূত্র: এম এম







