সিরিয়ায় দুটি সামরিক ঘাঁটিতে দখলদার ইসরায়েলের হামলা

সিরিয়ায় দুটি সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করে দখলদার ইসরায়েলের হামলা
সিরিয়ায় দুটি সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করে দখলদার ইসরায়েলের হামলা। ছবি: এএ

দখলদার ইসরায়েলি বাহিনী মঙ্গলবার সকালে সিরিয়ার দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। দেশটির দাবি, তারা সামরিক সক্ষমতা ধ্বংসের উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করেছে। তবে হামলার সুনির্দিষ্ট কোন কারণ এখনো প্রকাশ করা হয়নি।

ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা সিরিয়ার কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত তাদমুর ও টি-৪ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর আগে গত শুক্রবারও একই ঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়েছিল তেলআবিব।

সিরীয় সরকার এখনো এই হামলা নিয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি। তবে দেশটিতে ইসরায়েলের হামলার ঘটনা নতুন নয়। প্রায় প্রতিদিনই ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে, যাতে বেসামরিক মানুষ নিহত হওয়ার পাশাপাশি সিরিয়ার সামরিক স্থাপনাও ব্যাপক ধ্বংস হচ্ছে।

সিরিয়ায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও দখলদার ইসরায়েল সেখানে তাদের হামলা অব্যাহত রেখেছে। প্রেসিডেন্ট আহমদ আশ শারার নেতৃত্বাধীন প্রশাসন এখন পর্যন্ত ইসরায়েলের জন্য কোন হুমকি তৈরি করেনি। তা সত্ত্বেও তেলআবিব হামলা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো দেশটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয়, যার মাধ্যমে ৬১ বছরের দীর্ঘকালীন একদলীয় শাসনের অবসান ঘটে। যেই ৬১ বছরের মধ্যে ৫৩ বছরই সিরিয়া শাসন করেছে আসাদ পরিবার।

অন্যদিকে ইসরায়েল ১৯৬৭ সালে গোলান মালভূমির অধিকাংশ দখল করে নেয়। সম্প্রতি সিরিয়ায় চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে তারা দেশটির নিরপেক্ষ অঞ্চল দখল করেছে এবং ১৯৭৪ সালের সংঘাত নিরসন চুক্তির কার্যকারিতা শেষ বলে ঘোষণা করেছে।

আমাদের ফলো করুন