মঙ্গলবার ভোর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ২৩ ফিলিস্তিনি শহিদ

মঙ্গলবার ভোর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ২৩ ফিলিস্তিনি শহিদ
মঙ্গলবার ভোর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ২৩ ফিলিস্তিনি শহিদ। ছবি: এএ

গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় গতকাল মঙ্গলবার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত ২৩ ফিলিস্তিনি শহিদ হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরো অনেক মানুষ।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, খান ইউনুস ও রাফাহ শহরে ঘনবসতিপূর্ণ এলাকাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। খান ইউনিসের ‘কাইজান আন নাজার’ এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় এক শিশু ও এক ব্যক্তি শহিদ হন। এদিকে শহরটির হামদ এলাকায় একটি শরণার্থী শিবিরে চালানো হামলায় আরও তিনজন প্রাণ হারান।

এছাড়া মধ্য গাজার আল বুরেইজ শরণার্থী শিবির ও দেইর আল বালাহ অঞ্চলে চালানো হামলায় পাঁচজন শহিদ হয়েছেন। এদিকে জাওয়াইদা এলাকায় শরণার্থীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি বাড়িতে বিমান হামলায় বহু মানুষ আহত হয়েছেন।

দখলদার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাসের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এসব হামলায় তাদের লক্ষ্য হলো, সন্ত্রাসী অ্যাখ্যা দিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিশ্চিহ্ন করা। তবে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো বেসামরিক হতাহতের সংখ্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এদিকে ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড’ জানিয়েছে, তারা ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় রকেট হামলা চালিয়েছে। তবে ইসরায়েলি সেনারা জানিয়েছে, গাজা থেকে ছোঁড়া দুটি রকেট প্রতিহত করা হয়েছে।

উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ১৫ হাজার ৬১৩ শিশু শহিদ হয়েছে। তাদের মধ্যে ৮২৫ জনের বয়স এক বছরেরও কম। যেখানে শহীদ হওয়া শিশুর সংখ্যা গাজায় মোট হতাহতের ৩১ শতাংশ।

আমাদের ফলো করুন