নতুন বছরের প্রথম মিনিটে ইসরায়েলের নেটিভট শহরে রকেট ছোড়ার দাবি করেছে হামাসের সামরিক শাখা ইজজুদ্দিন আল-কাসসাম ব্রিগেড। তারা জানিয়েছে, গাজায় ফিলিস্তিনি বেসামরিকদের ওপর ইসরায়েলের হামলার জবাব দিতেই এই রকেট ছোড়া হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, রকেট হামলার সময় নেটিভট, মাজগালিম এবং মেলিলট এলাকায় সতর্কসংকেত বেজে ওঠে। আতঙ্কে বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে ছুটে যান।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার মধ্যাঞ্চল থেকে দুটি রকেট ছোড়া হয়। এর একটি প্রতিহত করা সম্ভব হলেও অন্যটি খোলা জায়গায় পড়ে।
গত এক সপ্তাহে হামাস দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় প্রায় ১০টি রকেট ছুড়েছে। তারা জেরুজালেম ও আশপাশের বসতিগুলোতেও হামলা চালিয়েছে।
এদিকে ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, হামাস একটি স্কাই রাইডার ড্রোন ভূপাতিত করে তা পুনরায় সক্রিয় করেছে। ড্রোনটি ব্যবহার করে গাজার নিকটবর্তী ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়।
সূত্র: টিআরটি অ্যারাবিক







