ইংরেজি নববর্ষ উদযাপনকালে রাজধানীতে আতশবাজি ও ফানুস ওড়ানোর সময় পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে ফারহান (৮) নামে এক শিশুর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। অন্য চারজন সিফান মল্লিক (১২), তাফসির (৩), সেন্টু (৪৫) ও সম্রাট (২০)। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আতশবাজি ও ফানুসের কারণে পাঁচজন দগ্ধ হয়েছেন। ফারহানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে এখনো রিলিজ করা হয়নি।
অন্যদিকে, নাটোরের বড়াইগ্রামে থার্টিফার্স্ট নাইট উদযাপনের সময় ছাদ থেকে পড়ে ইশতিয়াক হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বন্ধু অনির বাড়ির ছাদে লাফানোর সময় পা পিছলে তিনতলা থেকে পড়ে যায় ইশতিয়াক। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।







