যুক্তরাষ্ট্রের নিউ অরলিনস শহরে নতুন বছরের আনন্দ উদযাপনকালে ভয়াবহ পরিকল্পিত গাড়ি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আজ বুধবার নিউ অরলিনসের ফরাসি এলাকার বিখ্যাত বোরবন স্ট্রিটে এ ঘটনা ঘটে। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, একটি শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাক দ্রুতগতিতে মানুষের ভিড়ে ঢুকে পড়ে। এর পরপরই চালক গাড়ি থেকে নেমে গুলিবর্ষণ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ভীড়ের মধ্যে গাড়িটি ধাক্কা দেওয়ার পর চালকের আচরণ ছিল অত্যন্ত সহিংস। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাল্টা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিউ অরলিনস পুলিশ জানিয়েছে, এই হামলাটি পরিকল্পিত এবং এটি ইচ্ছাকৃতভাবে সংঘটিত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি পুলিশ সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সূত্র: আল জাজিরা







