এবার যুক্তরাষ্ট্রে একটি ভবনের ছাদে বিমান বিধ্বস্ত, নিহত ২

এবার যুক্তরাষ্ট্রে একটি ভবনের ছাদে বিমান বিধ্বস্ত, নিহত ২
যুক্তরাষ্ট্রে একটি ভবনের ছাদে বিমান বিধ্বস্ত। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফুলারটনে ছোট আকারের একটি বিমান একটি বাণিজ্যিক ভবনের ওপর বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় দুজন নিহত এবং অন্তত ১৮ জন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ২ জানুয়ারি বিকেলে ফুলারটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে এক ইঞ্জিনবিশিষ্ট ভেন’স আরভি-১০ বিমানটি দুর্ঘটনার শিকার হয়। ফুলারটন পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহত ১৮ জনের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে তদন্তকারীরা এখনো নিশ্চিত করতে পারেননি কীভাবে বিমানটি ভবনের ওপর বিধ্বস্ত হলো। এছাড়া নিহত দুজন বিমানের আরোহী ছিলেন কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সময় ভবনটিতে কর্মরত জেরোমি ক্রুজ জানান, একটি বিকট শব্দ শুনে আমরা আতঙ্কিত হয়ে ভবন থেকে বের হয়ে আসি। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ভবনের ছাদে বিশাল গর্ত তৈরি হয়েছে এবং ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি একটি ছোট মডেলের। এতে সর্বোচ্চ চারজন বসতে পারেন।

উল্লেখ্য, একই বিমানবন্দরে গত নভেম্বরে আরেকটি দুর্ঘটনায় দুজন আহত হয়েছিলেন।

আমাদের ফলো করুন