তীব্র শীতে শীতার্ত মানুষের মাঝে ৬ লাখ ৭৯ হাজার কম্বল দেবে সরকার

তীব্র শীতে শীতার্ত মানুষের মাঝে ৬ লাখ ৭৯ হাজার কম্বল দেবে সরকার
তীব্র শীতে শীতার্ত মানুষের বিপর্যস্ত জনজীবন। ছবি : সংগৃহীত

পৌষ মাসের শুরুর সঙ্গে সঙ্গেই দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। রাজধানীসহ সারাদেশে ঘন কুয়াশা আর শীতল হাওয়ার প্রকোপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় অসহায় শীতার্ত মানুষের মাঝে ৬ লাখ ৭৯ হাজার কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে এর জন্য ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার ৩ জানুয়ারি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বরাদ্দ করা অর্থ দিয়ে ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলায় এবং সব পৌরসভায় কম্বল বিতরণ করা হবে। ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলায় ১৫ হাজার ২৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।

পাশাপাশি ত্রাণ তহবিল থেকে বরাদ্দ কম্বল দ্রুত বিতরণের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিতরণ কার্যক্রমে অর্থ ব্যয়ে আর্থিক বিধি মেনে চলার কথাও বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও শীতের তীব্রতা অব্যাহত থাকবে।

এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের সাহায্যে সরকারের এ উদ্যোগ সাময়িক স্বস্তি আনলেও দেশের উত্তরাঞ্চলসহ তীব্র শীতপ্রবণ এলাকাগুলোতে আরও সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমাদের ফলো করুন